রাজেন রায়, কলকাতা, ১৩ এপ্রিল: মমতা বন্দোপাধ্যায়ের পর এবার বিজেপির দুই নেতা রাহুল সিনহা এবং শুভেন্দু অধিকারীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ’কে–ও শোকজ করেছে কমিশন। তাঁকে বুধবার সকালের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, শুভেন্দু অধিকারীকে ২৪ ঘন্টা এবং রাহুল সিনহাকে ৪৮ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। একইসঙ্গে দিলীপ ঘোষকে শোকজ করে তাঁর শীতলকুচি সংক্রান্ত মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে উত্তর দিতে হবে বিজেপি রাজ্য সভাপতিকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে প্রশ্ন উঠতে থাকে, বিজেপি নেতারা একাধিকবার আপত্তিকর মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি করছেন। তার মাঝেই কমিশনের তরফে এই নির্দেশ বিরোধীদের ক্ষোভ প্রশমনে কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

