স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মার্চ: স্ত্রীকে খুন করে বাড়ির সিঁড়ির নিচে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা। শুধু তাই নয় সেখানে কংক্রিটের ঢালাই করে তার উপরে বাথরুম তৈরি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার ধানতলা থানার শংকরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিন পনেরো আগে স্বামী-স্ত্রীর অশান্তির পর স্বামী রবীন্দ্রনাথ রায় তৃতীয় স্ত্রী মাম্পি কে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য বাড়ির সিঁড়ির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দেয়। এরপর কংক্রিটের ঢালাই করে তার উপরে বাথরুম তৈরি করে। বন্ধুদের মুখ ফসকে নতুন বাথরুমের কথা বলায় তাঁদের সন্দেহ হয়। খবর পৌঁছয় ধানতলা থানায়। পুলিশ এবং রানাঘাট ২ নম্বর বিডিও ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে।

স্থানীয় হাসপাতালে দেহটি প্রাথমিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানতে পুলিশ রানাঘাট পুলিশ মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠায়। এ বিষয় পরিবারের কেউ তেমন ভাবে মুখ না খুললেও প্রতিবেশীদের অভিযোগ, রবীন্দ্রনাথ জুয়া মদে আসক্ত থাকতো। প্রথম ও দ্বিতীয় স্ত্রীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে। এরপর তৃতীয় স্ত্রী এই বাড়িতে থাকতো। তাকেও একইভাবে অত্যাচার করত। আনুমানিক দিন পনেরো আগে স্বামী-স্ত্রীর বচসার পর স্বামী তার তৃতীয় পক্ষের স্ত্রীকে হত্যা করে প্রমাণ লোপাট করতে নিজের বাড়ির সিঁড়ির নিচে পুঁতে দেয়। ঘটনা জানাজানি হতেই রবীন্দ্রনাথ পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, দোষীর শাস্তি চাই।

