কালিয়াগঞ্জের পর এবার চোপড়ায় চা বাগানে মহিলাকে …. চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ জুন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য। বলি হয়েছে ৮ জন। এই পরিস্থিতিতে এবারে ধর্ষণের চেষ্টার অভিযোগ। কালিয়াগঞ্জের ঘটনার পর জেলার আরেক প্রান্ত চোপড়া থানার কাঁচাকালী এলাকায় এক চা বাগানের মহিলা শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানের এক মহিলা শ্রমিক শৌচকর্ম করতে সকালে চা বাগানে গিয়েছিল। তাঁকে অনুসরণ করতে করতে বাগানে ঢোকে এলাকার এক যুবক। অভিযোগ, সেখানেই মুখে কাপড় গুঁজে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে বাগানের অন্যান্য শ্রমিকরা ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে।

বৃষ্টি মাথায় নিয়েই অভিযুক্ত যুবককে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ চা বাগানের শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় চোপড়া থানার পুলিশ। যদিও পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন শ্রমিকরা। অভিযুক্ত যুবকের নাম জানা যায়নি। তবে ওই যুবক একাধিক সমাজ বিরোধী কাজের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *