আমাদের ভারত, ২ এপ্রিল:
হাওড়ার পর হুগলিতেও এবার রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো। রবিবার হুগলির রিষড়াতে রামনবমীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে। ইটবৃষ্টি, গাড়ি ভাঙ্গচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটে।মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তার গাড়ির সামনেও বোমা পড়েছে বলে দাবি করেছেন দিলীপবাবু। আহত হয়েছেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
জানা গেছে শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল রামনবমীর মিছিল হঠাৎ একটি ধর্ম স্থানের সামনে আসতেই রাম নবমীর মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি, পরে বোমা। ফলে উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এরপর রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ শুরু হয়। রিষড়ার মৈত্রী পথের সন্ধ্যা বাজার এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়।

দিলীপবাবু জানিয়েছেন, “মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল, মিছিল লক্ষ্য করে হঠাৎ ইট বৃষ্টি শুরু হয়। তারপর বোমা পড়তে থাকে। আমার গাড়ির সামনেও বোমা পড়েছে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। এমনকি আচমকা হামলায় পুলিশও হকচকিয়ে যায়।” তিনি জানান, তার সঙ্গে মিছিলে অংশগ্রহণ করা বিজেপি বিধায়ক বিমান ঘোষ আহত হয়েছেন এই হামলায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ পরে পুলিশ সুপার পৌছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
#WATCH| West Bengal: Arson & violence erupt in Hooghly during Ram Navami Shobhayatra at Rishra pic.twitter.com/JsxXOEAolH
— ANI (@ANI) April 2, 2023
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বলেছেন, বেশিরভাগ লোকই ছিল বাইরের। অন্য জায়গা থেকে এসে এলাকায় অশান্তি সৃষ্টি করেছে।

