সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: জামিন পেয়েই ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির হলেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল। ঝালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর জানান, “তপন কান্দু খুনের ঘটনায় গত ১৯ এপ্রিল সিবিআই তলব করেছিল। কিন্তু ১১ এপ্রিল ঝালদা পুরানো থানায় আগুন লাগার ঘটনায় আমাকে জেলে যেতে হয়। তাই সেই সময় হাজির হতে না পারায় জামিন পেয়েই আজ এসেছিলাম সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে।”

তিরিশ মিনিটের মধ্যেই বিকেল পাঁচটা নাগাদ সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। বেরিয়ে তিনি জানান, “আজ তারা যা যা জানতে চাইলেন আমি যা জানি ও তদন্তে আমি আমার পক্ষ থেকে যতটা সহযোগিতার প্রয়োজন আমি সেই মতো সহযোগিতা করলাম। কাল সকাল দশটায় ফের ডেকেছে এবং আসব।” ফোনে কোনও বিশেষ কথোপকথন বিপ্লব কয়ালের কাছে রয়েছে যা তপন কান্দু খুনের তদন্তে সাহায্য করবে। সেটিও তিনি সিবিআইয়ের হাতে তুলে দিতে পারেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

