চারদিন পর মা তারাকে নিয়ে আসা হলো মূল মন্দিরে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৫ আগস্ট: চারদিন পর মা তারাকে ফিরিয়ে নিয়ে আসা হলো মূল মন্দিরে। গতকাল রাত্রি এগারোটার পর মা তারাকে মুল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে আসা হয়।

গত সোমবার মা তারাকে মূল গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের পাশে চন্দ্রচূড় বৈরভ মন্দিরে অধিষ্ঠিত করা হয়েছিল। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ করার কারনে মন্দির কমিটির এই সিদ্ধান্ত নিয়েছিল। সোমবার থেকে সেখানেই পূণ্যার্থীরা মা তারাকে পুজো দিচ্ছিলেন। পরপর চারদিন সেখানেই মা তারা অধিষ্ঠিত ছিলেন।

মন্দিরের গর্ভগৃহের ভিতরের অংশে মা তারার বেদি, দেওয়াল সহ বিভিন্ন জায়গায় নতুনভাবে মার্বেল পাথর বসানো হয়েছে। পাশাপাশি মন্দিরের ভিতরে সেন্ট্রাল এসি বসানোর জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, করোনা মহামারীর কারনে বিগত কয়েক বছর মন্দিরের ভিতরের অংশ সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর পূণ্যার্থীর সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে লোকজনের সংখ্যা কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের ভিতরের অংশ সংস্কার করার কাজ করা হল। পূণ্যার্থীদের পুজো দিতে যাতে কোনও অসুবিধা না হয় সেদিক লক্ষ রেখে চন্দ্রচুর ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *