আমাদের ভারত, ১৭ আগস্ট: করোনার দাপটে ত্রস্ত গোটা দেশ। ইতিমধ্যেই ২৬ লক্ষ সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গিয়েছে।কিন্তু এরপরেও আরো এক আশঙ্কার কথা সামনে এলো। করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়া অনেকেই আবার বড় কোনো অসুখে ভুগতে শুরু করছেন। শরীরের নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে রোগীদের। চিকিৎসকরা বলছেন রোগীদের মূলত শ্বাসকষ্ট হচ্ছে। পাশাপাশি সাংঘাতিক ক্লান্তি, ফুসফুসে সংক্রমণ, রক্ত জমাট বেধে যাওয়ায় স্ট্রোকের মতো মারাত্মক শারীরিক অসুবিধা গুলো দেখা দিচ্ছে।
জানা গেছে, নয়ডায় এক ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরার পর প্রচন্ড শ্বাসকষ্ট অনুভব করেন। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার রক্তে অক্সিজেন লেভেল হঠাৎ করেই একেবারে নেমে গিয়েছিল। সেই মুহূর্তে আবার তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
দিল্লির গঙ্গারাম হাসপাতালের সিনিয়র চেস্ট ফিজিশিয়ান ডক্টর অরূপ জানিয়েছেন, করোনার জেরে ফুসফুসের বড় রকম ক্ষতি হয়ে যাচ্ছে। স্থূল আকারের টিস্যুতে দাগ থেকে যাওয়ায় সঠিকভাবে ফুসফুসকে কাজ করতে দিচ্ছে না। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও ওই দাগগুলি থেকে যাচ্ছে ফলে ফুসফুস ঠিকমতো কাজ করছে না।
সম্প্রতি করোনা রোগীদের এই ট্রেন্ড ভালো চোখে দেখছেন না চিকিৎসকরা। তারা জানিয়েছেন যদি প্রচুর সংখ্যক মানুষের ফুসফুস খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটে তাহলে পরবর্তী সময়ে তা ভয়াবহ আকার নেবে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৪।

