আমাদের ভারত, ১৭ জানুয়ারি: আগামী সপ্তাহে রাম মন্দিরের উদ্বোধন। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের সপ্তাহ থেকেই শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার সাথে যুক্ত নানা আচার ও রীতি। সেই আচারের গুরুত্বপূর্ণ একটি অংশ পালন হল বুধবার। এদিকে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রধান যজমানের ভূমিকায় থাকার জন্য শুক্রবার থেকে কঠোর ব্রত পালন শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী।
বুধবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের ভেতরে রাম লালার মূর্তি আনা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার তা গর্ভ গৃহে স্থাপন করা হবে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার আসল বিগ্রহকে নিয়ে প্রদক্ষিনের পর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামলালার আসল বিগ্রহের সঙ্গে আরও একটি মূর্তিও তৈরি করা হয়েছে, সেই মূর্তিতেও চক্ষুদান করবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বারোটা ৪৫ মিনিট এই শুভ তিথিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
বুধবার দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ রাম মন্দিরের ভেতরে রাম লালার মূর্তি আনা হয়। এরপর থেকে একে একে জলযাত্রা, তীর্থ পূজা, ব্রাহ্মণ, বটুক কুমারী, সুভাষিনী পূজা করা হবে। কলস যাত্রার পর মন্দির চত্বরেই রামলালার মূর্তি নিয়ে প্রদক্ষিণ করা হবে বলে জানান আচার্য জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবির।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ৭ দিনের বিশেষ রীতি তথা ব্রহ্মচর্য পালন করছেন প্রধানমন্ত্রী। বুধবার কেরলের রাম মন্দিরের দর্শনে যান প্রধানমন্ত্রী। শুক্রবার থেকে তিনি এক বেলা খাবার খাবেন, মাটিতে শোবেন। কাশীর প্রবীণ পণ্ডিত লক্ষীকান্ত মথুরানাথ দীক্ষি জানান, রামলাল প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান যজমানের ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী। রাম জন্মভূমি মন্দিরের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোদী, সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাত হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্বকে মন্দির রাষ্ট্রের তরফে ঐদিন আমন্ত্রণ জানানো হয়েছে।

