প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৬ জুলাই:
দেবঞ্জনের গ্রেফতারে পর আরএক ভুয়ো সরকারি অফিসারকে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। সনাতনবাবুর গ্রেপ্তারের ঘটনায় হতবম্ব তাঁর বরানগরের শিবালয় আবাসনের অন্যান্য প্রতিবেশীরা। সংবাদ মাধ্যমে সাথে কথাই বলতে চাইলেন না সনাতনবাবুর পরিবার।
পুলিশ সূত্রে খবর, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে সিবিআই লেখা স্টিকার।
পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেও তিনি পরিচয় দিতেন বলে অভিযোগ। ওই ব্যক্তি আর কোনও প্রতারণার যুক্ত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো তৃণমূল নেতা, ভুয়ো সিবিআইয়ের পর এবার রাজ্যে ভুয়ো ডিএসপি
কিন্তু এই ঘটনা ঘটার পর মঙ্গলবার ধৃত সনাতনবাবুর আবাসনে গিয়ে তার পরিবারে লোকেদের সাথে কথা বলতে গেলে সনাতন বাবুর স্ত্রীর ও মেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সংবাদমাধ্যম প্রতিনিধিদের দেখে বলেন, তারা এই বিষয়ে কিছুই বলতে পারবেন না। তারা তাদের আইনজীবীর সাথে কথা বলে তারপর সংবাদ মাধ্যমে সাথে কথা বলবেন বলে জানান। তার প্রতিবেশীরা বলেন, আমরা ওনাকে একজন আইনজীবী হিসেবেই চিনি। ভালো লোক। নীল বাতি লাগানো গাড়ি দেখেছি ওনার কিন্তু এর থেকে আর বেশি করে কিছু জানি না।”

