দার্জিলিংয়ের পর এবার হাবড়ায়, অ্যাসিড মাছির হানায় জখম এক যুবক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ অ্যাসিড মাছি ওরফে নাইরোবিয়ান ফ্লাই হানা দিল এবার উত্তর ২৪ পরগনার হাবড়াতে। পোকা গায়ে বসতেই চামড়া পুড়ল অশোকনগরের বাসিন্দা নিহার বাগচী নামে এক যুবকের। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত নিহার ওরফে ‘মাঞ্চু দাদা’।

নিহারের পরিবার সূত্রে যানা গিয়েছে, গত ৩০ জুন সন্ধেয় নিহার বাইক চালিয়ে হাবড়ার জয়গাছির এলাকায় ইউটিউবের জন্য সুটিং করতে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তাঁর চোখের কোনায় একটি পোকা এসে পড়ে। তখনই পোকাটিকে তিনি মেরে দেন। কিন্তু তখনও নিহার বুঝতে পারেনি, ওইটাই সেই নাইরোবিয়ান ফ্লাই বা অ্যাসিড মাছি। সেই সময় থেকেই চোখের কোনায় ও মুখে জ্বালা করছিল যুবকের। বিষয়টিকে অতটা গুরুত্ব না দিয়ে তিনি বাড়ি ফেরেন। রাতেই জ্বালাটা কিছুটা বাড়ে, তবুও ঘুমিয়ে পড়েছিলেন নিহার।

হঠাৎই মাঝরাতে ঘুম ভাঙলে তিনি দেখেন, মুখ ফুলে উঠছে, পোড়া পোড়া ভাব। এরপর আর দেরি না করে সে চোখের ডাক্তারের কাছে যান। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করেন। একদিন পর তিনি দেখেন মুখের একটা অংশ পুড়ে যাওয়ার মত হয়ে গিয়েছে। তারপর তিনি আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। এখন অনেকটাই সুস্থ নিহার। তাঁর জ্বর বমি বা অন্য কোনো লক্ষণ দেখা যায়নি। তবে খাবারের প্রতি এখনও অনীহা রয়েছে।

এ বিষয়ে নিহার বাগচী বলেন, “পোকাটিকে মারার পরে হাত শরীরের যে যে জায়গায় লেগেছিল, এই জায়গা গুলি সংক্রমিত হয়েছে। এই পোকা শরীরে এসে বসলে মারবেন না। মারার পরে পোকার শরীর থেকে বের হওয়া রস যে যে জায়গায় লাগে, তা সংক্রমিত হয়। যদি ভুলবশত মেরেও ফেলা হয় তাহলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কতা অবলম্বন করলেই হবে। আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *