দার্জিলিংয়ের পর এবার ইসলামপুর ও চোপড়ায় অ্যাসিড ফ্লাইয়ের হানা, আক্রান্ত দুই

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ জুলাই: দার্জিলিংয়ের পর এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও চোপড়ায় অ্যাসিড ফ্লাইয়ের হানা।

অ্যাসিড ফ্লাই বা নাইরোবি ফ্লাইয়ের কামড়ে অসুস্থ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় গোটা পুলিশ ফাঁড়ি সহ গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অসুস্থ ওই পুলিশ কর্মীর নাম শুভদীপ রায়। তিনি রামগঞ্জ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার জামা পরার সময় তার বাম হাতের উপরের কামড় দেয় পোকাটি। তারপর থেকে তার হাতে জ্বালা ও ব্যথা করতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই ফোস্কা পড়ে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি স্থানীয় রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যান। তাকে কিছু ওষুধ দেন চিকিৎসক এবং বিশ্রামের জন্য পরামর্শ দেন বলে জানান অসুস্থ পুলিশ কর্মী শুভদীপ রায়। তিনি বর্তমানে রামগঞ্জ ফাঁড়িতে বিশ্রামে রয়েছেন।

অন্যদিকে চোপড়ার কাঠালবাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরকে অ্যাসিড পোকা কামড়ালে তিনি চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখিয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই পোকার কামড় থেকে বাঁচতে আগামীকাল থেকে বিভিন্ন গ্রামে নোংরা আবর্জনা পরিস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *