রাজেন রায়, কলকাতা, ২১ নভেম্বর: করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই পরিষেবাকে ঢেলে সাজাতে চায় রেল। একের পর এক নয়া ঘোষণা রেল কর্তৃপক্ষের।
দূরপাল্লা ট্রেনের প্রতিটি বগিতে থাকবে শীততপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। বাড়ছে আসন সংখ্যা। থাকবে অটোমেটিক ডোর সিস্টেমের ব্যবস্থা। কিন্তু অপরিবর্তিত থাকছে ভাড়া। রাজধানী, শতাব্দী, দুরন্ত, তেজাস ও বন্দে ভারতের মত প্রথম সারির কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাদে প্রায় সবকটি ট্রেনেই দ্বিতীয় শ্রেণির কামরা রয়েছে। সেই কামরাগুলিকেও সম্পূর্ণভাবে এসি করার পরিকল্পনা আছে রেলের। তবে সম্প্রতি রেল এসি কোচের ক্ষেত্রেও ইকনমি কামরা রেখেছেন। সেই ইকনমি ক্লাসের ভাড়া তুলনামূলকভাবে এসি থ্রি টায়ারের থেকে অনেকটাই কম রাখা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই রেল নিয়েছে একাধিক পদক্ষেপ।
এছাড়াও, দূরপাল্লার ট্রেনগুলিতে ফের চালু হতে চলেছে খাবার পরিষেবা। শুক্রবারের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেল। করোনা আবহে গুটি কয়েক দূরপাল্লার ট্রেন চললেও ছিল না খাবারের বন্দোবস্তু। বন্ধ ছিল রান্না। এবার ফের শুরু হবে রান্নার প্রস্তুতি। শনিবার তাই শিয়ালদহ বেস কিচেনে শুরু হয় সাফাইয়ের কাজ।

