স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ মার্চ:
বিজেপির নদীয়া জেলার উত্তরের প্রার্থী মুকুল রায় বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা পার্টি অফিসে এসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, জগদ্দল থেকে যখন আমিভোটে দারিয়ে ছিলাম তখন বাংলায় ভোটের পরিস্থিতি ছিল না, আজকে তফাৎ হচ্ছে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোটটা দেবে। বাংলায় গণতন্ত্র ছিল না মানুষ আজকে স্বীকার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। পার্টি আমাকে বলেছে বিধায়কের পদে দাঁড়াতে, আমি দাঁড়িয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী, এমএলএ বা এমপি সবেতেই আমি সাবলীল। আমার কোনও অসুবিধা নেই। দল যা চাইবে তাই করতে হবে এটাই শেষ কথা। জেতার ব্যাপারে আমি ১০০% নিশ্চিত যে আমিই জিতব। শুধু নদীয়া নয়, রাজ্যের সব জায়গা আমি চিনি স্বাভাবিকভাবে দল যা নির্দেশ দেবে সেটা আমাকে পালন করতে হবে। আমি কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন চাই। আর এই সার্বিক উন্নয়নের লক্ষ্য রেখেই আমি এখানে এসেছি।

অন্যদিকে শান্তিপুরের প্রার্থী রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্ত সংসদ থেকে বিধায়ক। নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য থাকে। না হলে কেউ সংসদ থেকে বিধায়ক হয় না এটাই স্বাভাবিক।

রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থসারথি চ্যাটার্জি। তিনি সাংবাদিকদের জানান, বিজেপি সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের আমি মনোনীত একজন প্রার্থী। খুব স্বাভাবিক কারণেই এর জন্য আমি গর্বিত এবং যে উদ্দেশ্যে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি মানুষকে পরিষেবা দেবার জন্য, আমার বিশ্বাস এই দলে এসে নিশ্চিতভাবে মানুষকে আমি সঠিক পরিষেবা দিতে পারব।

