স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ এপ্রিল: রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করার পরই উত্তর দিনাজপুর জেলায় লকডাউনের প্রচারে নামল পুলিশ প্রশাসন। জেলার ইসলামপুর ও জেলা সদর রায়গঞ্জ শহরে লকডাউন সফল করার উদ্দেশ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করল ইসলামপুর ও রায়গঞ্জ জেলা পুলিশ।
দেশ ও রাজ্যের সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার এই সংক্রমণের চেইন ভাঙতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত বাজার দোকানপাট খোলা থাকবে। বাকি সময় সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে সমস্ত ধরনের শপিং মল, সিনেমাহল, রেস্তোরাঁ, বার, সুইমিং পুল ও স্পোর্টস কমপ্লেক্স। এই নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের এই নির্দেশকে কার্যকর করতে তৎপর হয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। জেলার ইসলামপুর ও রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণ থেকে ব্যাবসায়ীদের লকডাউন বিধি মানার উদ্দেশ্যে প্রচার করার কাজ শুরু করেছে। যেভাবে করোনার প্রথম ঢেউকে সচেতনতার মাধ্যমে সামাল দেওয়া গিয়েছে সেইভাবেই এই ভয়ানক দ্বিতীয় ঢেউকেও লকডাউন মেনে সচেতন হয়ে সামাল দেওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং সকলকে মাস্ক পরার আবেদন করে পুলিশ প্রশাসন।

