সাথী দাস, পুরুলিয়া, ১৬ ফেব্রুয়ারি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর খুলল ছোটদের স্কুল। প্রায় দু’বছর গৃহবন্দি থাকার পর স্কুলে এসে বেজায় খুশি কচিকাঁচারা। আজ রাজ্য সরকারের নির্দেশমত, কোভিডবিধি মেনে পঠন-পাঠন শুরু হয় পুরুলিয়া জেলার প্রাথমিক স্কুলগুলিতে। এদিন পুরুলিয়া জিলা স্কুলে দেখা গেলো সেই চিত্র।
রাজ্যে কিছুটা সংক্রমণ কমতেই প্রথমে বড়দের স্কুল, এবার ছোটদেরও স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়। তবে সম্পূর্ণ কোভিড মুক্ত হয়নি এই রাজ্য। তাই কোভিড বিধি মেনে স্কুলে পঠন-পাঠনের জন্য বিশেষ নজর রয়েছে স্কুলগুলিতে। এদিন মুখে মাস্ক পরে স্কুলে প্রবেশ করে পড়ুয়ারা। হয় সমবেত প্রার্থনা। উৎসাহের সঙ্গে সুশৃঙ্খলভাবে জাতীয় সঙ্গীতে গলা মেলালো কচিকাঁচারা।

ছোট্ট পড়ুয়ারা জানালো, দুই বছর বাড়িতেই কেটেছে সময়, তাই বন্ধু-বান্ধবের সঙ্গে সেরকম দেখা হয়নিl এবার স্কুল খোলায় খুশি তারা।
স্কুল খোলায় খুশি অভিভাবকরাও, তবে সম্পূর্ণ কোভিড মুক্ত না হওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে তাদের মনে। স্কুলে পড়ুয়াদের দেখে পরিতৃপ্ত হলেন শিক্ষকরাও।

