সব জল্পনার অবসান, অবশেষে তৃণমূলে যোগ দিলেন গারুলিয়ার দুই বেসুরো বিজেপি নেতা

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৬ জুন: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গারুলিয়ার দুই বিজেপি নেতা গৌতম বসু ও অশোক সিং। গারুলিয়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গৌতম বসু ও ২১ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অশোক সিং বুধবার দুপুরে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও মঞ্জু বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। ইছাপুর আনন্দমঠে শহিদ বিকাশ বসুর স্মরণে অনুষ্ঠিত রক্তদান শিবিরের মঞ্চ থেকে এদিন তৃণমূলে যোগদান করেন বিজেপি নেতারা। মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায়ের বিজেপি ত্যাগ করার পর থেকেই বেসুরো হতে দেখা গেছে বহু বিজেপি নেতা কর্মীদের। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং’য়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা চলছিল। কিন্তু তার প্রতিবাদ করে গারুলিয়াতে পোস্টার পরে। এরপর বিজেপি নেতা গৌতম বসু ও অশোক সিং’য়ের তৃণমূলে যোগ দান করার জল্পনা তুঙ্গে উঠলে তার বিরোধিতা করেও পোস্টার পরে গারুলিয়া পৌর এলাকায়। তবে অবশেষে সব বাধা কাটিয়ে এই বিজেপি নেতারা যোগ দিলেন তৃণমূলে।

এদিন বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই দুই নেতা আমাদের সাথে যোগাযোগ রেখে চলছেন। ওনারা বিধানসভা নির্বাচনেও আমাদের দলকে অনেক সাহায্য করেছেন।”

সদ্য বিজেপি ত্যাগী গৌতম বসু বলেন “কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কোনও যোগ্য সম্মান পায়নি। কোনও কাজ করতে পারছি না বিজেপিতে থেকে। মানুষের জন্য কোনও কাজ করা যাচ্ছে না। যারা আমাদের বিরুদ্ধ পোস্টার দিয়েছিল তারা তৃণমূলের লোকই না। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *