দেড়বছর পর খুলে গেল স্কুল, কলেজ, উত্তর দিনাজপুরে ছাত্রছাত্রীদের সেই চেনা ভীড়

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ অক্টোবর: করোনা সংক্রমণের জেরে প্রায় দেড়বছর পর মঙ্গলবার থেকে রাজ্যে খুলে গেল স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে স্কুলগুলির গেটে ছিল ছাত্রছাত্রীদের সেই চেনা ভীড়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারী নির্দেশ ও কোভিডবিধি মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের জেরে প্রায় দেড়বছর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুল,কলেজগুলিতে শুরু হল পঠন-পাঠন। স্কুল গেটে চেনা ভীড়, ক্লাসরুমগুলিতে পড়ুয়াদের গুঞ্জনে যেন প্রাণ ফিরে পেল স্কুল চত্বর। সরকারী নির্দেশ অনুযায়ী আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজে পঠন-পাঠন শুরু হলেও প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা কবে থেকে স্কুলে যাবে সেবিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলে হাজিরার বিষয়ে পড়ুয়াদের জোর করা যাবে না। স্কুল চত্বর স্যানিটাইজ, স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের হাতে স্যানিটাইজার দেওয়া, তারা সঠিক ভাবে মাস্ক পড়েছে কিনা, দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষে বসছে কিনা-এসব বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে স্কুলগুলিকে। স্কুলে রাখতে হবে আইসোলেশন রুমের ব্যবস্থাও।

মঙ্গলবার সকাল থেকেই রায়গঞ্জ ও ইসলাম পুর মহকুমার বিভিন্ন স্কুলে ছিল তৎপরতার ছবি। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে এদিন তুলে দেওয়া হয় ফুল ও পেন। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল স্কুলচত্বর। ছাত্রছাত্রীরা জানিয়েছে, দীর্ঘদিন বাদে স্কুলে আসতে পেরে তাদের ভালো লাগছে। বন্ধুদের সাথে দেখা হবে। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক একটু আছে তবে সমস্ত সুরক্ষাবিধি মেনেই স্কুলে এসেছে তারা।

দীর্ঘদিন বাদে স্কুল খোলায় খুশী অভিভাবকেরাও। তবে করোনা সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন তারা। অন্যদিকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, স্কুলে ছাত্রছাত্রীরা আসাতে আমাদেরও ভালো লাগছে। সরকারী নির্দেশ মেনেই সব ধরনের সুরক্ষাবিধির ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্র ছাত্রীদের কলম দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে– তারা যাতে একে অন্যের কলম না ব্যাবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *