অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ জুন: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানা এবং স্থানীয় যুবকের প্রচেষ্টায় পরিবার পরিজন ফিরে পেলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সাঁকরাইলের দক্ষিণ দাঁড়িয়া গ্রামের বিশ্রামাগারে অপরিচিত এক বৃদ্ধকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বৃদ্ধর কাছে পরিচয় জানতে চাইলে তিনি কিছুটা এলোমেলো কথা বললেও জানান তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর।তাঁর নাম মাখন দাস। তিনি কোনও কারণে পথ হারিয়ে এখানে এসে পড়েছেন। তখন এলাকার বিপ্লব মান্না নামে এক যুবক পুলিশে খবর দেন।সাঁকরাইল থানার পুলিশ বৃদ্ধকে থানায় নিয়ে গিয়ে তার বাড়িতে খবর দেয়। মঙ্গলবার তার বাড়ির লোকজন এসে মাখন দাসকে থানা থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
তার বাড়ির লোকের দাবি, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে দীর্ঘ দেড় মাস ধরে বাড়ি ছাড়া ছিলেন মাখনবাবু। আজকে তাকে খুঁজে পেয়ে খুশি তারা।

