কয়েক মাস পরেই পিসি ভাইপো জেলে বসে একসঙ্গে গান গাইবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৩ জুলাই:
পিসি ভাইপো জেলে বসে একসঙ্গে গান গাইবে। রবিবার বীরভূমের ময়ূরেশ্বর এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে জনসভায় এই কথাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বক্তব্য রাখার সময় সুকান্ত বলেন, আপনাদের এখানকার বড় নেতা এখন দিল্লির তিহাড় জেলে বসে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার গান গাইছেন। বাপ বেটির পাশাপাশি বসে গাইছেন। তাঁর দাবি, কয়েক মাস পর পিসি আর ভাইপো একইভাবে ওই গান করবেন। তার কথায়, ” আগে শুনতে পেতেন খেলা হবে। কিন্তু এখন কি শুনতে পান? আগে ওরা কথায় কথায় দিল্লি যেত। এখন দিল্লি যেতে বললে, বলে যাব না আরো বড় বড় চোর রয়েছে। উপরতলার চোরদের আমরা টাইট করব। আগে নিচু তলার চোরদের আপনারা শায়েস্তা করুন। আপনাদের নেতা চরাম চরাম, পাচন, নকুল দানার দাওয়াই দিতেন এখন শোনা যাচ্ছে? এখন বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাইছে , “জেলখানা সম্বল, থালা বাটি কম্বল। আমরা দিল্লি গেলে শুনি, আর কয়েকটা মাস অপেক্ষা করুন পিসি আর ভাইপো পাশাপাশি বসে একই গান গাইবেন।”

এদিন ময়ূরেশ্বর থানার ওসির উদ্দ্যেশ্যে হুঁশিয়ার দিয়ে বিজেপি কর্মীদের সুকান্ত বলেন, “আপনারা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে যান। আমার কাছে খবর আছে আপনারা যখন দলীয় পতাকা বাঁধতে যাচ্ছিলেন তখন ওই থানার ওসি বলেছিলেন গুলি চালিয়ে দেব। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একজন কার্যকর্তার গায়ে গুলি চালান, হাইকোর্টে গিয়ে আপনার উর্দি খুলে দিতে না পারলে আমার নাম সুকান্ত মজুমদার নয়।”

একই সঙ্গে বালি পাচার প্রসঙ্গেও আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন, বালি পাচারকারীরা একটা অংশ পুলিশকে দেবেন আর তার বদলে বিজেপির লোকজনকে ধমকানো হয়। এটা চলতে দেওয়া যাবে না। এটা শুধরে যাওয়াই ভালো।

তিনি আরো বলেন, তৃণমূলের নেতা কর্মীরা যদি বুথ লুট করতে আসে, লাঠি মেরে শায়েস্তা করুন। আমি হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসবো আপনাদের।

তার আক্রমণের তালিকা থেকে বাদ যায়নি ফিরহাদ হাকিমও। মেয়র কলকাতায় নগরবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, ২০২৪ সালের তৃণমূল সরকার গড়বে। তাঁর মন্তব্যের পাল্টা কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ২৪ সালে যদি তৃণমূল সরকার গড়ে তবে হাতিও জামা প্যান্ট পড়ে ঘুরবে। বলে রাখি ভোটের দিন কাউকে বুথ লুট করতে দেবেন না। তার জন্য ঝান্ডার সঙ্গে মোটা মোটা ডান্ডা রাখুন। কেউ বুথ লুঠ করতে এলে শায়েস্তা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *