সাত দশক পর এয়ার ইন্ডিয়া আবার ফিরল টাটার কাছে

আমাদের ভারত, ২৭ জানুয়ারি:এয়ার ইন্ডিয়া আবারও ফিরে এলো টাটার কাছে। বৃহস্পতিবারই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হল। দীর্ঘ ৭০ বছর পর মহারাজকে ফিরে পেল টাটা গোষ্ঠী। স্বভাবতই উচ্ছ্বসিত টাটা।

আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শেষ হবার আগেই বৃহস্পতিবার সকালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন দেখা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে। গত বছর অক্টোবরে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি টাকার বিনিময় টাটা গোষ্ঠীর অনুসারী সংস্থার টালাস প্রাইভেট লিমিটেডকে বিক্রি করে কেন্দ্রীয় সরকার। এরপরই শুরু হয় বিক্রির অন্যান্য প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটসের ৫০% শেয়ার টাটা গোষ্ঠীর অনুসারী সংস্থার কাছে হস্তান্তর হয়েছে। বৃহস্পতিবার শেষ হলো ১০০% শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া। একইসঙ্গে পরিচালন ক্ষমতা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হল টাটা গোষ্ঠীর হাতে। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া নিয়ে টাটাগোষ্ঠী ও সরকারের লেনদেন আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা গোষ্ঠী। সময়ানুবর্তিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উড়ান শিল্পের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের আনা হয়েছে পরিচালক মন্ডলীতে। বর্তমানে দেশের বিমানবন্দর গুলিতে ৪ হাজার ৪০০টি ঘরোয়া এবং ১০৬৮টি আন্তর্জাতিক ল্যান্ডিং এবং পার্কিং স্লট রয়েছে এয়ার ইন্ডিয়া সরাসরি নিয়ন্ত্রণে। দুনিয়াজুড়ে বিভিন্ন বিমানবন্দরের ৯০০টি এমন স্লট আছে এয়ার ইন্ডিয়ার হাতে। এখন টাটা গোষ্ঠীর হাতে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার মোট ১৪১টি বিমান রয়েছে। তার মধ্যে ৪২টি বিমান চুক্তির ভিত্তিতে অন্য জায়গা থেকে নেওয়া এবং ৩৩টি বিমান এয়ার ইন্ডিয়ার নিজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *