“১৪ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন”

আমাদের ভারত, ২ মে: ২০৩৬ সাল অর্থাৎ আজ থেকে ১৪ বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ এমনটাই দাবি করেছেন। তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের করা পোস্টে ও সাংবাদিক বৈঠকে এক রকম ভাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের নাম ঘোষণা করেছেন কুনাল।

তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে কুনাল দাবি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুনাল ঘোষ বলেন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বরং আত্মসমালোচনাকে জায়গা ও গুরুত্ব দিতে হবে। দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ। কর্মযজ্ঞ চলছে। ৯৯% কাজই ভালো। আর তার মধ্যে এক শতাংশ কাজে ভুল থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দিনেও হবে। তিনি বলেন, যে কর্মী-সমর্থক সংগঠকরা ২০২১ -এ চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল ও লড়াই করেছেন তাদের সম্মান- মর্যাদা- অধিকারবোধ স্বতন্ত্র। দলে রাজনৈতিক সচেতনতাকেই অগ্রাধিকার দেওয়া হয়।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন ২০২১ -এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। এক নতুন উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে, বিপদ বুঝিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন এক অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভেঙে নজির করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধীরা এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বলছেন, তাহলে ঘুরিয়ে হলেও কুনাল স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবেই রেকর্ড করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *