আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জুন: করোনার কারণে ঘরে বসেই যোগাভ্যাসের মাধ্যমে বিশ্ব যোগদিবস পালনের পরামর্শ দিলেন যোগ প্রশিক্ষকরা। রবিবার ২১ শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে পরিবারের সদস্যদের সঙ্গে আসন বা যোগ ব্যায়াম অভ্যাস করার পরামর্শ দিয়েছেন তারা।
কোরোনা উদ্ভুত পরিস্থিতিতে জমায়েত না করে সেই ধারা ঘরে বসে যোগাভ্যাসের মধ্যেই সচল রাখা যাবে। পূর্ব মেদিনীপুর জেলা পতঞ্জলি যোগ সমিতির সভাপতি তথা ‘শিক্ষারত্ন’ প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক গৌতম কুমার বোস বলেন, এই দিনটিতে বাড়ির ছোটবড় পরিবার পরিজনদের নিয়ে একসাথে ঘরের চার দেওয়ালের মধ্যেই পালিত করা হোক। এর ফলে যাঁদের যোগাভ্যাসে নূন্যতম অনীহা আছে, তাঁদেরও কিঞ্চিত আগ্রহ জন্মাতে পারে। আখেরে তাঁদের যোগাভ্যাসের প্রতি ধীরে ধীরে আগ্রহ জন্মাতে বাধ্য। ফলে পরবর্তীতে তার প্রভাব রোগমুক্ত দেহ এবং মনের বিকাশে সহায়ক হয়ে উঠবে।

গত ২০১৪ এর ২৭ শে সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যসেম্বলিতে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগদিবস পালনের জন্য।প্রতি বছর ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন। সেই দিকে লক্ষ্য রেখে প্রস্তাব দেয় এই দিনটিই আন্তর্জাতিক যোগ দিবস পালনের পক্ষে উপযুক্ত। বিশ্বব্যাপী সুস্থতা এবং সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে যা জরুরি। সেই ভিত্তিতে বিশ্বের ১৭০টি দেশ সহমত হলে ঐ বছরের ১১ ডিসেম্বর রাষ্ট্র সংঘ সাধারণ পরিষদে দিনটি পালনের সবুজ সংকেত দেওয়া হয়। ভারতের রিজার্ভ ব্যাংকও দিনটিকে স্মরনীয় রাখতে দশ টাকার বিশেষ মুদ্রাও চালু করে।

