স্বরূপ দত্ত উত্তর দিনাজপুর, ১৩ নভেম্বর: সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পুজোর ছুটিতে ফ্ল্যাট ফাঁকা থাকায় তালা ভেঙ্গে একের পর এক ফ্ল্যাট থেকে চুরি করে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ইসলামপুরের সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির হয়। অনেকেই পূজোর ছুটি কাটাতে নিজেদের বাড়িতে যাওয়ার কারণে কিছু আবাসন ফাঁকা ছিল। আর সেই সুযোগ নিয়েই গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী আবাসনে ঢুকে যে সমস্ত ফ্ল্যাটে আবাসিকরা ছিলেন সেইগুলোর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর যেগুলো ফাঁকা ছিল সেই ফ্ল্যাটগুলির সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় তারা।

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আবাসনের বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, এই আবাসনের প্রত্যেকেই চাকুরীজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এই আবাসনে রয়েছেন। সরকারি আবাসনে এমন চুরির ঘটনা আগে কোনও দিন ঘটেনি। আবাসনে যদি নিরাপত্তারক্ষী থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না। অবিলম্বে নিরাপত্তারক্ষীর দাবি জানিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

