আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ ডিসেম্বর: এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ার রাঘবপুর এলাকায়। মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটেছে হাবড়ার নতুনহাট রাঘবপুর এলাকায়।
আক্রান্ত শিক্ষক দীপঙ্কর শিকদারের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ছ’জনের ডাকাত দল তিনটি বাইকে করে আসে। এরপর প্রায় পৌনে এক ঘণ্টা ধরে ওই শিক্ষকের বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও গলায় ধারালো দা ধরে খুনের হুমকি দিয়ে একটি ঘরে আটকে রেখে দুঃসাহসিক ডাকাতি করে। তিনটি ঘরে লন্ডভন্ড করে দুটি আলমারি থেকে পাঁচ থেকে ছয় ভরি সোনার গয়না ও নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতদল। পরিবারের সদস্যদের চারটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। ঘটনায় আতঙ্কিত শিক্ষক দীপঙ্কর শিকদারের পরিবার। খবর পেয়ে আসে হাবড়া থানার পুলিশ ও বারাসাত পুলিশ জেলার অন্যান্য আধিকারিকরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।


