জয় লাহা, দুর্গাপুর, ২ সেপ্টম্বর: কর্মীদের মারধর করে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়ক লাগোয়া অন্ডালের ধুপচুড়িয়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম দুই পাম্প কর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
ঘটনায় জানা গেছে, অণ্ডাল থানার অন্তর্গত ধুপচুড়িয়া মোড়ের কাছে রয়েছে পেট্রল পাম্পটি। বুধবার রাত ১ টা নাগাদ ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয় ওই পাম্পে। পাম্পের কর্মী আকাশ ভিভোর জানান,
“দুষ্কৃতী দলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সোজা তারা পেট্রোল পাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়। কর্মরত পাম্পের কর্মীদের মারধর ও আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে। দুস্কৃতীদের মারে পেট্রোল পাম্পের দুই কর্মী গুরুতর আহত হয়।” আহতরা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি।

পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, “এই ধরনের ঘটনা এর আগে কখনও হয়নি। এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে। একেবারে সশস্ত্র ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পাম্পের কর্মীদের মারধর করে ডাকাতি করে নিয়ে যায়। পাম্পের ক্যাশবাক্সে থাকা ১ লক্ষ ৬ হাজার টাকা লুট করে।” তিনি আরও জানান, “অনুমান ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তবে জাতীয় সড়কের একেবারে পাশেই দুঃসাহসী এরকম ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত।”
অন্যদিকে ডাকাতির ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


