সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ আগস্ট: গভীর রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার লোকনাথ সরণি এলাকায়। কয়েক লক্ষ নগদ টাকা সহ সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাবড়ার লোকনাথ সরণি এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ খাঁ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও খাওয়া দাওয়া করে শুতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের ঘর লণ্ডভণ্ড করা। আলমারির লকার ভেঙ্গে চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তার লাগোয়া ঘরে এমনভাবে চুরি হওয়ার পরেও কিছু টের না পাওয়ায় অবাক হয়ে যান তাঁরা। সোনার গহনা, নগদ টাকা মিলিয়ে তাঁর বাড়ি থেকে প্রায় আড়াই লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে জানান বিশ্বজিৎবাবু।
পাশাপাশি, ওই বাড়ির পাশের বাসিন্দা বাসুদেব খাঁর বাড়িতেও একই ভাবে চুরির ঘটনা ঘটেছে। এই বাড়ির সদস্যরা এদিন কেউ বাড়িতে ছিলেন না। বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। বাড়ির তালা ভেঙ্গে ইচ্ছে মতো লুটপাট চালায় দুষ্কৃতীরা। এদিন সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁদের ফোন করে জানান।
খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, ঘরের মধ্যে সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। লুট হয়ে গিয়েছে সোনার গয়না, নগদ টাকা। সব মিলিয়ে খোয়া গেছে লক্ষাধিক টাকা। পরপর দুটি বাড়িতে এইভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। চুরির খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘরে লোকজন থাকা সত্ত্বেও কিভাবে চোরেরা তালা ভেঙ্গে এইভাবে লুটতরাজ চালালো, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

