পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৬ নভেম্বর: অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস পশ্চিম মেদিনীপুর জেলা শাখার চতুর্থ বার্ষিক সাধারণ সভা ২০২৩ আজ অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণের শহিদ পরিকল্পনা ভবনে। সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিদ ও বিজ্ঞান লেখক অধ্যাপক ড: সন্তোষ কুমার ঘোড়ই। তিনি প্রদীপ জ্বালিয়ে সভার উদ্বোধন করেন।

সভার শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান, সংগঠনের পুরোধা পুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই সভায় জেলার তিনটি মহকুমা থেকে ১৩০ জন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা প্রতিনিধি হিসেবে অংশ নেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন জেলা সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী ও আয় ব্যয়ের হিসেব পেশ করেন জেলা কোষাধ্যক্ষ সুমন রায়।
প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে সাত জন প্রতিনিধি দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেন। প্রধান শিক্ষকদের বেতন বঞ্চনা, শিক্ষা বহির্ভূত কাজ থেকে মুক্তি, স্কুলগুলিতে শূন্যপদে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ, নৈশ প্রহরী নিয়োগ, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ইত্যাদির দাবি নিয়ে সকলে সরব হন। সভায় মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি ড: হরিদাস ঘটক। সমগ্ৰ সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি ড: অমিতেশ চৌধুরী।

আজকের সভায় অবসরপ্রাপ্ত সাত জন প্রধান শিক্ষককে সম্বর্ধনা জানানো হয় এবং মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে স্থানাধিকারী নয় জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য জিবি মেম্বার সুব্রত কুমার বুড়াই, জেলা সহ সম্পাদক ড: প্রসূন কুমার পড়িয়া, রামকৃষ্ণ পাল, প্রলয় সাঁতরা, রঞ্জিত দাস সহ আরো অনেক নেতৃবৃন্দ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সহ- সম্পাদিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ও অন্যতম সদস্য সূর্যকান্তি নন্দ।

