অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ অক্টোবর: ফের রহস্যজনকভাবে হাতি মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰামে। সাত সকালে জঙ্গল লাগোয়া কৃষি জমিতে একটি পূর্ণবয়স্ক মৃত হাতি পড়ে থাকতে দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নয়াগ্ৰাম ব্লকের বড়খাঁকড়ি ৩ নম্বর অঞ্চলের বিরিবেড়িয়া গ্রামের রঘুনাথপুর এলাকায়।

জানা গেছে, সোমবার সকালে বিরিবেড়িয়া গ্রামের জঙ্গল লাগোয়া রঘুনাথপুরে কৃষিজমিতে একটি হাতি পড়ে থাকতে দেখেন গ্রামের কয়েকজন। পরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ জড়ো হন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা মৃত হাতির দেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ জানার জন্য চেষ্টা করে। তবে বেশ কয়েকমাস আগে নয়াগ্ৰামের বুকে এভাবেই হাতি মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফের একবার ঘটনার পুনরাবৃত্তি ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, হাতিটি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ছিল।তাই হয়তো অসুস্থতার কারণে এদিন হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। অন্যদিকে জঙ্গল লাগোয়া এলাকার কৃষিজমিকে হাতির তান্ডব থেকে রক্ষা পেতে মাঝে মধ্যেই বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। যা থেকে হাতি কিংবা মানুষের প্রাণহানীরও অভিযোগ উঠেছে এর আগে। এবারের এই হাতি মৃত্যুর ঘটনা সেরকম কিছু কারণে হয়েছে, না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে প্রশাসন।

