পুজোয় সম্প্রীতি বজায় রাখতে ও কোভিড বিধিনিষেধ মেনে চলার লক্ষ্যে পুজো কমিটি ও জনসাধারণকে নিয়ে প্রশাসনিক বৈঠক কেশিয়াড়িতে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্প্রতি বাংলাদেশের ঘটনায় উত্তাল হয়ে উঠে গোটা দেশ। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সর্বত্র নিন্দার ঝড় ওঠে। সামনেই কালীপুজো। দুর্গাপুজোর পর কালীপুজোতেও  বিভিন্ন পুজো কমিটিগুলো পুজোর উদ্যোগ নেন। পুজোয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ও কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে যাতে পুজো হয় সেই লক্ষ্যে পুজো কমিটি সহ জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক হল কেশিয়াড়িতে। কেশিয়াড়ি থানার উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় সোমবার কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে বৈঠকের আয়োজন ছিল। 

আইসি সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পুজো কমিটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশের ঘটনায় শিক্ষা নিয়ে যাতে আগামী দিনে পুজো মন্ডপগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে সেই বার্তা দেওয়া হয়। প্রত্যেককে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয় এদিন।  পুজো প্যান্ডেলগুলিতে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে পুজো কমিটিগুলি যেভাবে লিখিত আবেদনের ভিত্তিতে পুজোর অনুমতি পেয়েছেন সেভাবেই অনুমতি দেওয়ার কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। সামাজিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় সেদিক থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *