প্রোমোটারের দাদাগিরি! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জনগণের চলাচলের রাস্তা ভেঙ্গে বিল্ডিং তৈরী বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জুন: প্রোমোটারি রাজ! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জনগণের চলাচলের রাস্তা ভেঙ্গে পরিকল্পনাবিহীন ভাবে বিল্ডিং তৈরি করার অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকার ঘটনায় তুমুল চাঞ্চল্য। ক্ষিপ্ত শহরবাসী এই ঘটনা নিয়ে বালুরঘাট পৌরসভার উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের।

বালুরঘাট শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা নারায়ণপুর। লাভের অঙ্ক কষেই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ওই এলাকায় রাস্তার ধার ঘেঁষে একটি বহুতল ফ্ল্যাট নির্মাণ করছিলেন প্রোমোটার দীপঙ্কর রায় বলে অভিযোগ।পরিকল্পনাহীন ভাবে ওই ফ্ল্যাটের কাজ চলায় শহরবাসীর চলাচলের অতি গুরুত্বপূর্ণ রাস্তার এক ধার ভেঙ্গে পড়ে। তৈরি হয় দুর্ঘটনার আশঙ্কা। আর যাকে ঘিরেই পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন শহরের বাসিন্দারা। যদিও বিষয়টি জানার পরেই বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ পুলিশি হস্তক্ষেপে ওই প্রোমোটারের কাজ বন্ধ করে দিয়েছেন। গার্ড ওয়াল তৈরি করে জনগণের চলাচলের রাস্তা ঠিক করে দেবার পরেই পৌরসভার ইঞ্জিনিয়ারদের তরফে মিলতে পারে ফ্ল্যাট নির্মাণের ছাড়পত্র, বলে জানিয়েছেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান হরিপদ সাহা বলেন, বিষয়টি জানার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা ঠিক করার পাশাপাশি কাগজপত্র দেখে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়াররা ছাড়পত্র না দেবে ততক্ষণ পর্যন্ত ওই ফ্ল্যাটের কাজ শুরু করতে পারবে না।

যদিও বিষয়টি নিয়ে প্রোমোটার দীপঙ্কর রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

এলাকার পথচলতি বাসিন্দা মনোজ দত্ত জানিয়েছেন, গার্ডওয়াল দিয়ে তবেই ফ্ল্যাটের কাজ করা উচিত ছিল। সাধারণ মানুষকে বিপদে ফেলে এমন কাজ ঠিক হয়নি। বিষয়টি পুরসভার অতি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *