দেবাঞ্জনের ক্যাম্পের ভুয়ো ভ্যাকসিন গ্রহিতাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল প্রশাসনের উদ্যোগে

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৬ জুলাই: দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে সোনারপুর ও কলকাতার যেসমস্ত বাসিন্দারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদেরকে স্বাস্থ্য দফতরের উদ্যোগে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল শুক্রবার থেকে। মোট ৭৩৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ১৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদের যেখানে সুবিধা হবে সেখানেই ভ্যাকসিন নিতে পারবেন বলে জানানো হয়েছে প্রশাসনের উদ্যোগে।

প্রায় ১ মাস আগে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে এই মানুষগুলি ভ্যাকসিন নিয়েছিলেন। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের বিষয়টি সামনে আসতেই সরকারি উদ্যোগে যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। গত প্রায় ১৫ দিন আগে এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল স্বাস্থ্য দফতরের উদ্যোগে। এবার তাঁদের ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হল। শুক্রবার সকাল থেকে সোনারপুর গ্রামীন হাসপাতালে তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এই কাজ তদারকি করার জন্য আসেন সোনারপুরের বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র। যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা এখনও আতঙ্কিত বলে জানান নিজেরাই।

স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র বলেন, “মোট ৭৩৫ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সুভাসগ্রাম গ্রামীন হাসপাতাল ও এমআর বাঙুর হাসপাতালে ১৬ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে এই ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদের যেখানে সুবিধা তারা সেখানে ভ্যাকসিন নিতে পারবেন।”

অন্যদিকে বিডিও সৌরভ ধল্ল জানান, “ স্বাস্থ্য দফতরের উদ্যোগে ভ্যাকসিন প্রাপকদের মোবাইল ফোনে এসএমএস যাবে। পাশাপাশি ভ্যাকসিন হওয়ার সাথে সাথেই তাঁদেরকে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *