মণিপুরের কুকি- জো সম্প্রদায়ের দুই মহিলার উপর নির্যাতনের প্রতিবাদে বাঘমুন্ডিতে বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযানের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুলাই: মণিপুরের কুকি – জো সম্প্রদায়ের দুই মহিলার উপর অমানষিক নির্যাতনের প্রতিবাদে রবিবার বাঘমুন্ডি থানার অযোধ্যা মোড়ে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভ দেখিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে তারা। পাশাপাশি প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা। স্থানীয় অযোধ্যা মোড় থেকে সরাগডি মোড় গিয়ে সূচনা স্থলেই এসে তাদের প্রতিবাদ মিছিল শেষ হয়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কুশপুতুল পুড়িয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাঁরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা এবং কঠিনতম শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় গত ৪ মে নির্মম ঘটনাটি ঘটেছিলো। ঘটনায় দুই মহিলাকে একদল যুবক অত্যাচার করে। তারই প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযান বাঘমুন্ডি ব্লক কমিটির সদস্যরা প্রতিবাদে পথে নামে। সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, ধসকা, বাঁশিটাঁড় ও অযোধ্যা পাহাড়েও এই কর্মসূচি নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের বাঘমুন্ডি ব্লক সভাপতি রামপদ সরেন, সম্পাদক সুনীল মুর্মু, সংগঠনের ব্লক সেঙ্গেল পারগানা ধীরেন মুর্মু সহ সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *