সাথী দাস, পুরুলিয়া, ২৯ অক্টোবর: সারনা ধর্মকে স্বীকৃতির দাবি নিয়ে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠন। ৮ নভেম্বর রাঁচির মোরাবাদী ময়দানে একটি বড় জনসভা করবে তারা। তা সফল করতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের তেলিয়াভাসা স্কুল মাঠে প্রস্তুতি সভা করলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় অধ্যক্ষ সালখান মুর্মু।

ওই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকার ও কংগ্রেসের হাই কমান্ডের কাছে হুঁশিয়ারি দেবে আদিবাসী সংগঠন। একই সঙ্গে এক মাসের মধ্যে অর্থ্যাৎ ৯ ডিসেম্বরের মধ্যে সারণা ধর্ম স্বীকৃতি না পেলে দেশের ৭টি রাজ্যে বনধ কর্মসূচি পালন করবেন তাঁরা। ট্রেন ও সড়ক অবরোধের আওতায় থাকবে বলে আজ জানান সালখান মুর্মু। তারই প্রস্তুতি মঞ্চ থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় অধ্যক্ষ সালখান মুর্মু ঝাড়খণ্ডের এই জনসভায় যোগ দেওয়ার আবেদন রাখেন। সাথে সাথে আদিবাসী সমাজের বঞ্চনা ও অধিকার নিয়েও সরব হন তিনি। এদিন রাজ্যে কুড়মি সমাজের আন্দোলন নিয়েও মুখ খুললেন সালখান মুর্মু।

ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলার তোর্পা ব্লকের উলিহাতু গ্রামে বিরসা মুন্ডার জন্মস্থান। ১৫ নভেম্বর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন। তাঁর কাছে চিঠির মাধ্যমে সারণা ধর্ম কোডের দাবি করেন সালখান মুর্মু। এদিন সভায় উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান অধ্যক্ষ ভাষা বিজিতা সালখান মুর্মু, যুব ছাত্র মোর্চার রাজ্য সভাপতি তিলকা মুর্মু, পুরুলিয়া জোনাল সভাপতি গণেশ চন্দ্র মুর্মু, পুরুলিয়া জোনাল পারগানা মনোরঞ্জন হাঁসদা, পুরুলিয়া জেলা সহ সম্পাদক নেপাল কিস্কু,বাঘমুন্ডি সেঙ্গেল সভাপতি রামপদ সরেন, বাঘমুন্ডি ব্লক সেঙ্গেল পারগানা ধীরেন মুর্মু প্রমুখ।

