সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: করম পরবে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবিতে চার জেলায় বনধের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বনধ পালন করবে বলে জানায় তারা।
আগামী ৬ সেপ্টেম্বর করম দিবস, জঙ্গল মহলের একটা বড়ো পরব। আর এই উৎসবে পূর্ণ দিবস ছুটির দাবিতে দীর্ঘদিনের আন্দোলন জঙ্গল মহলের বাসিন্দাদের। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে অর্দ্ধদিবস ছুটি ঘোষণা করা হলেও তা মানতে নারাজ আদিবাসী কুড়মি সমাজ। তারা পূর্ণ দিবস ছুটির দাবিতে আগামী কাল অর্থাৎ শনিবার ১২ ঘন্টা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বনধ ডাকা হয়েছে বলে জানান সমাজের মুখপাত্র অজিত মাহাতো। বনধের প্রভাব পড়তে পারে পুরুলিয়া জেলা সহ ওই জেলাগুলিতে।
তাদের দাবিকে সমর্থন করলেও বনধকে সমর্থন না করার কথা জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, “আমরা সরকারের কাছে মানুষের আবেগ পৌঁছে দিয়েছি চিঠির মাধ্যমে। তবে, জনজীবন ব্যাহত করে, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া যায় না। বনধ তেমন হবে না পুরুলিয়ায়।”

