পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বয়কট ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের

সাথী দাস, পুরুলিয়া, ১৭ এপ্রিল: আদিবাসী কুড়মি সমাজের ভোট এবার তৃণমূল কংগ্রেস পাবে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলকে বয়কট করল আদিবাসী কুড়মি সমাজ। শুধু তাই নয়, সমাজের কোনও বাড়ির দেওয়ালে ভোটের প্রচার করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল তারা। একইসঙ্গে কোনও রাজনৈতিক দলের মিটিং, মিছিল ও প্রচারে সামিল হবে না আদিবাসী কুড়মি সমাজ।

পুরুলিয়া শহরে অবস্থিত আদিবাসী কুড়মি সমাজের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি বলেন, কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকাভুক্তির দাবিতে সি আর আই কমেন্টস ও জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে টালবাহানা করছে রাজ্য সরকার। আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনেও কোনওরকম সদর্থক ভূমিকা পালন করেনি রাজ্য সরকার। এরই প্রতিবাদে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দলকে বয়কট করার সিদ্ধান্ত নিল কুড়মি সমাজ। এছাড়া বাকি রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে মিটিং, মিছিল ও প্রচারে এবং রাজনৈতিক ছত্রছায়ায় অংশ নেবে না কুড়মি সমাজ।

এই ব্যাপারে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তিরাম মাহাতো বলেন, “এটা কোনও সমাজ, সংগঠনের সিদ্ধান্ত। এতে আমার কিছু বলার নেই। তবে, আমাদের মুখ্যমন্ত্রী কুড়মি সমাজের প্রতি সহানুভূতিশীল। তাঁদের সার্বিক উন্নয়ন, সংস্কৃতির প্রসার ঘটাতে নানা রকম পদক্ষেপ নিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *