সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ অক্টোবর: দীর্ঘদিন ধরে দখলীকৃত বনের জমির পাট্টা ও পর্চার দাবি সহ অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করে বকেয়া মজুরি প্রদান, ভাগচাষীদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা সহ কয়েকদফা দাবিতে আজ জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করলো আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ।
আজ সকালে প্রায় তিন শতাধিক মানুষ তামলিবাঁধ ট্যাক্সি স্ট্যান্ডের সামনে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় মঞ্চের পক্ষ থেকে রামনিবাস বাস্কে, সহদেব টুডু বলেন, ২০০৬ সালের বনাধিকার আইন অনুযায়ী দখলে থাকা বনের জমিতে আদিবাসী ও বনবাসীরা পাট্টা ও প্রাপ্ত পাট্টার পর্চার অধিকারী। কিন্তু সেই আইন অনুযায়ী শত শত আদিবাসী মানুষ আবেদন করা সত্ত্বেও আজও পাট্টা পায়নি। কেউ কেউ পাট্টা পেয়ে থাকলেও অনেকেই এখনো পর্চা পায়নি। ফলে মাথার ঘাম পায়ে ফেলে এই আদিবাসীরা জমি চাষ করলেও পর্চার অভাবে কৃষক বন্ধু ও কৃষিবীমার মতো সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। একই ভাবে সাধারণ গরিব ভাগচাষীরাও এই সব সুযোগ পাচ্ছে না। পুজোর মুখে যখন জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া, গ্রাম- শহর কোথাও মানুষের কাজ নেই তার কোনো সুরাহা না করে কেন্দ্র ও রাজ্য সরকার পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বলেন, কেন্দ্র- রাজ্য বুঝি না। কাজ চাই- কাজ দাও, কাজ করেছি টাকা দাও।

এই সভায় উপস্থিত সিপিআই(এম-এল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, মানুষ যখন তাদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামছে তখন তাদের নেতাদের বদনাম করতে রাস্তায় নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই আন্দোলনের খবর যাতে কেউ না করতে পারে তার জন্য নিউজ ক্লিকের মতো নির্ভিক সংবাদ সংস্থার সাথে যুক্ত সমস্ত সাংবাদিক এবং তার কর্মচারীদের বাড়ি রেইড করা হচ্ছে, কাউকে গ্রেফতার করছে চিনের দালাল বলে। গণতন্ত্র বিরোধী এই সরকারের বিরুদ্ধে তিনি সকলকে এক হওয়ার আবেদন জানান।

