রাজেন রায়, কলকাতা, ৪ মার্চ: ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হোক না হোক রাজনৈতিক দলগুলোতে তারকা যোগদান অব্যাহত। তাদের মধ্যে অনেকেই বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা। এবার ভোটের মুখে যোগদান করলেন জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা।
সবুজ পতাকা হাতে তুলেই অদিতির মন্তব্য, “এবার থেকে দিদি যা বলবেন, তাই করব।” খোলা গলাতেই গেয়ে উঠলেন, “তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না…।” তৃণমূলে যোগ দিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি। বললেন, “আমায় যোগ্য মনে করায় প্রাণের দিদিকে ধন্যবাদ জানাই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।”
অদিতি বলেন, “যেভাবে আমাদের সঙ্গীত শিল্পীদের জন্য চিন্তা করেন দিদি, আমার মনে হয় না তাঁর মতো আর কেউ এভাবে ভাবতে পারেন। তিনি বাংলাকে মনে-প্রাণে ভালোবাসেন। তিনি বাংলার প্রকৃত রূপকার। তিনি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করার চেষ্টা করব। রাজনীতিতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। বিয়ের পর আমার স্বামী ও শ্বশুরমশাইকে মানুষের জন্য কাজ করতে দেখেছি। আমিও সেটা উপলব্ধি করতে চাই।”

