আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপিতে বুধবার সকালে পুড়ে যাওয়া কংগ্রেসের দলীয় কার্যালয় পরিদর্শন করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

মঙ্গলবার ভোররাতে বড়ঞা ব্লকের পাঁচথুপিতে কংগ্রসের ব্লক প্রধান কার্যালয় আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ তৃণমূলের দিকেই। কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বড়ঞা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়। দলীয় কার্যালয় সিল করে দেওয়া হয় ফরেনসিক তদন্তের কারণে।

বুধবার পুড়ে যাওয়া দলীয় কার্যালয় পরিদর্শনে এসে শাসক দলকে একহাত নিলেন অধীর চৌধুরী। তিনি বলেন, দোষীদের গ্রেপ্তার সহজেই করতে পারত পুলিশ প্রশাসন। কিন্তু যে কাজ পুলিশ সহজেই করতে পারে তার জন্য পার্টি অফিস সিল করে ফরেনসিক তদন্ত! ঠিক যেন মশা মারতে কামান দাগার মত অবস্থা। এদিন এই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তিনি।

