মমতার ধর্নাকে ভোট বাড়ানোর নাটক বলে কটাক্ষ অধীর চৌধুরীর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ এপ্রিল: গান্ধী মূর্তির পাদদেশে মমতার ধর্না দেওয়াকে ভোট বাড়ানোর নাটক বলে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ভোট প্রচারে এসে একজোটে কেন্দ্র ও রাজ্যকে তুলোধোনা করে শীতলকুচির কান্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাচ্ছেন বলেও জানিয়েছেন অধীর চৌধুরী। এদিন কুমারগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থীর হয়ে প্রচারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে কুমারগঞ্জের প্রার্থী নার্গিস বানু চৌধুরীর হয়ে ভোট প্রচার করেন তিনি। কেন্দ্র ও রাজ্যের দিদি-মোদীর হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সংযুক্ত মোর্চার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছেন কংগ্রেস নেতা।
এদিন সকাল ১১টা২০ নাগাদ হেলিকপ্টারে করে কুমারগঞ্জের চাদগঞ্জ হাইস্কুল মাঠে পৌছান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নার্গিস বানু চৌধুরীর হয়ে ভোট প্রচারে আসা ওই সভা মঞ্চে এদিন অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস, আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, জেলা কংগ্রেস নেতা অঞ্জন চৌধুরী সহ সংযুক্ত মোর্চার প্রায় সকল নেতৃত্বরাই। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীতলকুচি কান্ডে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা। কেন্দ্র ও রাজ্যের দোষেই অতগুলো প্রাণ চলে গিয়েছে। একই সাথে এদিন গান্ধী মূর্তির পাদদেশে মমতার ধর্না নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ভোট বাড়ানোর জন্য এসব নাটক করছেন আমাদের মুখ্যমন্ত্রী। ওসব না করে যারা শীতলকুচি কান্ড নিয়ে গর্ব করছে তাদের জেলে পোড়া উচিত বলেও জানিয়েছেন তিনি। একইসাথে অধীর চৌধুরী জানিয়েছেন, সাধারণ মানুষের উন্নয়ন করতে হলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *