নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ এপ্রিল: রাজ্য বিজেপি নেতাদের আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিলেন অধীর চৌধুরীর। বুধবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস আলোচনায় দিলীপ ঘোষদের এমন পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেস রাজ্যে আত্মনির্ভর বলে জানান বহরমপুরের সাংসদ।
উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রায় প্রতিদিন আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে বক্তব্য রাখার সময় অধীর চৌধুরী বলেন, বাংলায় বিজেপি নেতারা আত্মনির্ভর নয়। তাই প্রতিদিন দিল্লি থেকে নেতাদের ছুটে আসতে হচ্ছে প্রচারের জন্য। আর রাজ্য বিজেপি নেতারাও কথায় কথায় দিল্লির নাম নেন। এইভাবে আত্মনির্ভর না হয়ে সংগঠন চলে না বলে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী।
তিনি বলেন, বাংলায় তৃতীয় দফার নির্বাচন হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতারা মানুষের সমর্থন আদায় করেছে। দিল্লির নেতারা অবশ্যই প্রচারে আসবেন। কিন্তু প্রদেশ কংগ্রেসকে দিল্লি নির্ভর হতে হয়নি বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

