আলিমুদ্দিনে জোটের জট কাটিয়ে মমতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইতে আত্মবিশ্বাসী অধীর, বিমান

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: জটিল জট কাটিয়ে বাম কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হল। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বাম কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে বৈঠক হয়। যে বৈঠকে বিধান ভবনের তরফে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান প্রদীপ ভট্টাচার্যরা। বামেদের পক্ষে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মহম্মদ সেলিম সহ প্রমুখ।

বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আসন সমঝোতা নিয়ে আমরা ঐক্যমত্য হতে পেরেছি। তবে কে কটা আসন পেল তা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। কারণ বেশ কিছু ছোট ছোট দল আমাদের জোটে আসার ব্যাপারে আগ্রহী হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই আগামী দিনে সিদ্ধান্তটা নিতে চাই।

এদিনের বৈঠকে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট নিয়েও আলোচনা হয়। এব্যাপারে,প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিছু আসন নিয়ে তার সঙ্গে আরও আলোচনা বাকি। সেগুলো হয়ে গেলেই তারপর আসন সংখ্যা সাংবাদিকদের কাছে বলব। এরপরই সাংবাদিকদের আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গেও আসন সমঝোতা হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *