আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ সহ একাধিক নির্বাচনী আইন সংস্কারের উদ্যোগী কেন্দ্র

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: নির্বাচনী আইনে বড়সড় বদল আনতে চলেছে মোদী সরকার। নির্বাচন কমিশনের সুপারিশ মেনেই এই বদল আনতে চলেছে কেন্দ্র বলে সূত্রের খবর। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুসংহত করতেই নির্বাচনী আইনে চার দফার সংস্কার করা হতে পারে।

ইতিমধ্যেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পর এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের ব্যবস্থা করা হতে পারে এই নতুন আইনের আওতায়। তবে বর্তমানে “ব্যক্তিগত গোপনীয়তার অধিকার” সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেইজন্য এই বিষয়টিকে আপাতত ঐচ্ছিক হিসেবেই রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের তরফে ভুয়ো ভোটার কার্ড চিহ্নিত করা ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল আইনমন্ত্রকের কাছে। সংযুক্তিকরণের এই প্রস্তাবকে আইনমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি আগের বছরই অনুমোদন দেয়। ওই কমিটির মতে সংযুক্তিকরণ হলে একাধিক ভুয়া ভোটার চিহ্নিত হবে। আর এর ফলে গণতন্ত্র আরও বেশি মজবুত হবে।

আধার–ভোটার সংযুক্তিকরণ ছাড়াও প্রস্তাবিত নয়া আইন অনুযায়ী ১৮ বছরে পা দেওয়া প্রথমবারের ভোটারদের বছরে চারবার নাম নথিভুক্তকরণের কথা বলা হয়েছে। এর আগে এটি একবার হতো বছরে।

এছাড়াও ভুয়ো ভোটারের সংখ্যা কমাতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরো বেশি নজরদারি চালানোর কথা বলা হয়েছে।

একইসঙ্গে মহিলা সার্ভিস অফিসারদের স্বামীদের ভোট দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে নয়া আইনে। এতদিন পর্যন্ত কেবল পুরুষ সার্ভিস অফিসারদের স্ত্রীরা এই সুযোগ পেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *