দেশবাসীকে পরিবার বলে সম্বোধন করে আরও কাছে টানলেন মোদী, দেখালেন ভারতকে বিশ্বপিতা হিসাবে গড়ার স্বপ্ন

আমাদের ভারত, ১৫ আগস্ট:
ঘড়ি ধরে ঠিক সাড়ে সাতটায় লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতে তিনি দেশবাসীকে নিজের পরিবার হিসেবে উল্লেখ করেন আজ এবং ভারতের নাগরিকসহ ভারতের সমস্ত শুভাকাঙ্খীদের অমৃত মহোৎসবের শুভেচ্ছা বার্তা দেন। প্রণাম জানান স্বাধীনতা সংগ্রামীদের। একই সঙ্গে ভারতকে আগামীতে বিশ্বপিতা হিসাবে গড়ে তোলার স্বপ্ন সফলের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দিলেন।

এদিন “আমার ভালোবাসার” “আমার প্রিয়” ভারতবাসী বলে সম্বোধন করেছেন জাতিকে। আজ দেশবাসীকে আরো আপন করে নিয়ে নিজের পরিবার বলে সম্বোধন করলেন মোদী। যদিও বিরোধীরা দেশবাসীর সঙ্গে এই ঘনিষ্ঠতাকে আসন্ন লোকসভা ভোটের প্রচার বলেই দাবি করেছেন। একটা সময় নরেন্দ্র মোদী নিজের বক্তব্য শুরু করতেন বন্ধু সম্বোধন করে। কিন্তু চৌদ্দতে ক্ষমতায় আসার পর কিছু নতুন সম্বোধন যোগ হয় এবং উনিশেও তাই। বহু জনসভায় মোদী জনগণকে ভাই ও বোন বলে সম্বোধন করেছেন। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তাঁকে আদরের দেশবাসী বলতে শোনা গেছে। আজ একেবারে দেশের মানুষকে নিজের পরিবার বলে অভিহত করলেন। ৪০ মিনিটের বক্তব্যে প্রত্যেকটি বাক্যের শুরুতেই দেশবাসীকে আমার পরিবারের সদস্য বলে সম্বোধন করেছেন মোদী।

আজ তাঁর বক্তব্যে প্রথমেই উঠে আসে মণিপুরের প্রসঙ্গ। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত মণিপুর। মা বোনেদের সম্মান নষ্ট হয়েছে সেখানে অনেক। মণিপুরে শান্তি বজায় রাখতে কেন্দ্র রাজ্য যৌথভাবে প্রয়াস চালাচ্ছে। ধীরে ধীরে শান্ত হচ্ছে মণিপুর। গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। এরপরেই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় দুঃখ প্রকাশ করেন মোদী। অতিবৃষ্টি, ভূমি ধসে হিমাচল, উত্তরাখণ্ড বিধ্বস্ত। মোদী বলেন, প্রাকৃতিক দুর্যোগে অকল্পনীয় সংকট তৈরি হয়েছে। যারা এই ধ্বংসের মুখোমুখি হয়েছেন, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সরব হয়েছেন, দুর্নীতি, পরিবার বা তোষণ রাজনীতির বিরুদ্ধে। তিনি বলেন, দুর্নীতি, পরিবারবাদ, তোষণ আমাদের দেশের তিন শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। ভারতকে বিশ্বপিতা হিসাবে গড়ে তোলার সংকল্প পূরণ করতে হলে চোখে চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবার বা জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তোষণ আমাদের দেশের বদনাম করেছে। নাম না করে হলেও কংগ্রেস সহ একাধিক বিরোধী দলকেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন ওদের লক্ষ্য দলের জন্য, দলের দ্বারা, দলের জন্য কাজ করা।

মোদী বলেন, আজ বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে ভারতের অর্থনীতি। ডিজিটাল প্রযুক্তিতে এগিয়েছে দেশ। পূর্বতন সরকারের লক্ষ লক্ষ টাকা গিয়েছিল দুর্নীতিতে কিন্তু আজ দেশ দুর্নীতি মুক্ত। তাঁর কথায়, ভারতকে আর থামানো যাবে না। কোভিডেরের সময় বিশ্ব নতুনভাবে ভাবতে শুরু করেছে। বিশ্বযুদ্ধের পর বিশ্বের যেভাবে একটি নতুন বিশ্ব ব্যবস্থা পেয়েছিল আমি দেখতে পাচ্ছি একটি নতুন বিশ্ব ব্যবস্থা এই করোনা ভাইরাসের পর বিকশিত হচ্ছে। গোটা বিশ্বকে সাহায্য করেছে ভারত। আজ ভারত উদীয়মান হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত আর থামবে না থামানো যাবে না ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *