নন্দীগ্রামে ভোটে বাড়তি নিরাপত্তা, ১৪৪ ধারা জারি তমলুক ও হলদিয়া মহাকুমায়

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ মার্চ: নন্দীগ্রামে ভোটের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের। নজর রাখা হয়েছে আকাশপথেও। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম সহ জেলার ৯টি বিধানসভার সমস্ত বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম সহ তমলুক এবং হলদিয়া মহাকুমায়
জারি করা হয়েছে ১৪৪ ধারা। আজ এক সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক স্মিতা পান্ডে এই কথাগুলি জানিয়েছেন।

জেলাশাসক জানিয়েছেন, নন্দীগ্রামে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪ জন জওয়ান এবং একজন রাজ্য পুলিশের কর্মী। এছাড়া অতিরিক্ত ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলাকায় থাকবেন নজরদারির করার জন্য। আজ সকাল থেকেই নন্দীগ্রামের আকাশে দেখা গেছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার থেকেই নন্দীগ্রামের উপর আকাশপথে নজরদারি চলানো হচ্ছে বলে প্রশাসনের সূত্রে জানাগেছে। আগামীকালের নির্বাচন ঘিরে যাতে কোনও রকমের অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। নন্দীগ্রামে ঢোকার মুখসহ জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি গাড়িতেই চেকিং করা হচ্ছে।

জেলাশাসক জানিয়েছেন, জেলার মোট ৩২১০টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হবে। এবারের ভোটে জেলায় তিনটি ডিসিআরসি করা হয়েছে দুটি কোলাঘাটে এবং একটি হলদিয়ায়। এই কেন্দ্রগুলি থেকে ভোট কর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য ভোটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছেন ভোট কেন্দ্রের দিকে। ভোট কর্মীরা অনেকেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে। কেন্দ্রীয় বাহিনীও পৌঁছে গিয়েছেন এলাকায় এবং বুথে। আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলার নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। তাই নন্দীগ্রামে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের। আগামীকাল ভোটের দিকে তাকিয়ে আছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *