হাম ও রুবেলা ভাইরাস প্রতিরোধে এমআর টিকার অতিরিক্ত ডোজ দেওয়া শুরু হল জলপাইগুড়িতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ জানুয়ারি: হাম ও রুবেলা ভাইরাস প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছরের শিশু কিশোর ও কিশোরীদের এমআর টিকার অতিরিক্ত ডোজ দেওয়া শুরু হল সোমবার থেকে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে। জলপাইগুড়ি জেলার ৫ লক্ষ ৯৮ হাজার ১৮৭ জনকে এই টিকা দেওয়া হবে। ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিষেধক টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে।

এ দিন জলপাইগুড়ি হিন্দি হাইস্কুলে শিবির করে পড়ুয়াদের টিকা দেওয়া হচ্ছে। ধাপে ধাপে সব বিদ্যালয়ের পড়ুয়াদের টিকা দেওয়া হবে। হাম একটি ভয়ানক মারণরোগ। এই ভাইরাসের ফলে বিকলাঙ্গতা এমনকি শিশুর অকাল মৃত্যুও হতে পারে। হামের মতো রুবেলাও ভাইরাস জনিত সংক্রামক রোগ। ২০১৮ সাল থেকে এই দুই রোগ প্রতিরোধে শিশুদের এমআর টিকা দেওয়া হচ্ছে। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নেই বলে দাবি স্বাস্থ্য কর্তাদের। এই টিকা আগে নেওয়া থাকলেও অতিরিক্ত এই টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতিতেই প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা এই টিকা দেবেন। একটি সিরিঞ্জ দিয়ে একজনকেই এই টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলবে সার্টিফিকেটও। এছাড়াও জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

জলপাইগুড়ি হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার ভাট বলেন, “১৫ বছর পর্যন্ত পড়ুয়াদের টিকা দেওয়া হচ্ছে।”

জলপাইগুড়ি পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের কর্মী কাকলি চট্টোপাধ্যায় বলেন, “হাম ও রুবেলা রুখতে টিকা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *