আমাদের ভারত, ১৫ আগস্ট: করোনার ওমিক্রন স্ট্রেন ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে রেখেই একটি টিকা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করা হচ্ছে।
সেরামের কর্তা আদর পুনাওয়ালা জানান, আগামী ছয় মাসের মধ্যেই বাজারে এমন একটি টিকা চলে আসবে যা ওমিক্রণের মোকাবিলা করবে। আমেরিকার আরো এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা মর্ডানাও তাদের টিকা আরো উন্নত করেছে। সম্প্রতি সেই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। এটি শুধু ওমিক্রণকে আটকাবে না, করোনা ভাইরাসের আগের রূপকেও রুখে দিতে সক্ষম বলে জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমন ফের ঊর্ধ্বগতি। একাধিক দেশের সাথে আমাদের দেশের বিভিন্ন রাজ্যেও সংক্রমণ বাড়ছে। দিল্লি এবং মহারাষ্ট্রে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। আর সেই উদ্বেগের মধ্যে পুনাওয়ালা ঘোষণা করলেন শুধুমাত্র ওমিক্রন রূপের জন্য একটি টিকা প্রস্তুত করা হচ্ছে। ওমিক্রণের উপসর্গ মৃদু নয়। মারাত্মক হারে এটি ছড়িয়ে পড়ছে। তবে পুনাওয়ালা জানাননি এই টিকা কবে ভারতের বাজারে আসবে? কারণ তা সম্পূর্ণ নির্ভর করছে সরকারি ছাড়পত্র কবে মিলবে তার ওপর। এছাড়াও এই টিকার জন্য ভারতে আলাদাভাবে ক্লিনিক্যাল ট্রায়াল জরুরি কিনা তাও এখনো পর্যন্ত জানাননি সেরাম কর্তা। তবে তাঁর মতে এই টিকা বুস্টার ডোজ হিসেবেই মনে করা দরকার।

