আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: এবার সিপিএম ও তৃণমূলের সেটিং তত্ত্বকেই অস্ত্র করে প্রচারের ময়দানে নামলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় রাষ্ট্রপতি নির্বাচনে সিপিএম আর তৃণমূল যেভাবে এক হয়েছিল তার প্রভাব এরাজ্যেও বর্তমান। এখনো তাদের যোগসূত্র রয়েছে বলে দাবি সুকান্তের। তাদের এই যোগসূত্রকে ফিশ ফ্রাই সেটিং বলে পাল্টা প্রচার শুরু করেছেন বিজেপি সভাপতি।
মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সঙ্গে দেখা করা বৈঠক ইত্যাদি নিয়ে সিপিএম বারবারই অভিযোগ তুলে থাকে তৃণমূলের সাথে বিজেপির সেটিং হয়ে আছে। কিন্তু এবার সেই সেটিংয়ের তত্ত্বের পাল্টা দিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি সেটিং আসলে রয়েছে সিপিএম ও তৃণমূলের মধ্যে। দু’দলের নেতার একাধিক বক্তব্য তুলে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, আসলে সিপিএম ও তৃণমূলের মধ্যে সেটিংটা রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকে হয়েই আছে। একইসঙ্গে তিনি মনে করিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গড়ে ওঠা এই দুই দলের সখ্যতা আরো বেড়েছে। ফেসবুকে একটি পোস্ট করে সুকান্ত মজুমদার। আর সেই পোস্টের শিরোনাম দিয়েছেন “আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি” তিনি তুলে ধরেছেন, সিপিএম নেতা বিমান বসু বলেছেন, তৃণমূলের সবাই চোর নয়। অন্যদিকে আবার তুলে ধরেছেন সৌগত রায় বলেছেন তৃণমূলের ৯৭ শতাংশ সৎ, বাকি দুই শতাংশ দুর্নীতিগ্রস্থ হতে পারে তার দায় দলের নয়। সুকান্ত মজুমদার এই দুটি মন্তব্য উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেছেন আসলে দুজনেই একই কথা বলছেন।
একইসঙ্গে বিমান বসুর আর ও একটি মন্তব্যের কথা উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। বিমান বসু বলেছেন, “বিজেপির বিরুদ্ধে যে কোনো দলের সঙ্গে জোটে থাকবো।” অর্থাৎ প্রয়োজন পড়লে তৃণমূলের সঙ্গেও থাকবে সিপিএম। আর এটাকেই সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেছেন ফিস ফ্রাই সেটিং। তার কথায় দু’দলের এই একই সুরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে আসল সেটিং কাদের মধ্যে হয়েছে।

