পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: পঞ্চায়েত নির্বাচন ২০২৩- এর নির্বাচনী প্রচারে কেশিয়াড়ি এলেন টলি অভিনেতা সোহম চক্রবর্তী। বুধবার কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি ৫ নং অঞ্চলের তৃণমূলের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে হাজির ছিলেন সোহম চক্রবর্তী। এদিন বাঘাস্তির খড়িপাড়া এলাকায় নির্বাচনী জনসভা করে তৃণমূল। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় বক্তব্য রাখেন অভিনেতা সোহম চক্রবর্তী।
নির্বাচনী প্রচারের শেষ বেলার প্রচারে থেমে নেই কেউ, শাসক হোক বা বিরোধী। সমস্ত এলাকায় চলছে নির্বাচনী প্রচার। সভামঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারের ননান উন্নয়নমূলক প্রকল্প সহ নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়েছে সভামঞ্চ থেকে।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, বিধায়ক পরেশ মুর্মু, রাজ্য সম্পাদিকা কল্পনা শিট, জেলা কমিটির সদস্য পবিত্র শিট সহ অনেকেই। একইসঙ্গে এদিন কেশিয়াড়ি ৭ নং অঞ্চলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিলে অংশ নেয় টলি তারকা সোহম চক্রবর্তী। এদিনের এই প্রচার মিছিল সারা কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে।

