প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১২ এপ্রিল:
শীতল কুচিতে গুলি চালনার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটা নিয়ে কারও রাজনীতি করা উচিত নয়। এই মর্মান্তিক ঘটনা আরো জায়গায় জায়গায় ঘটানো হবে এই ধরনের কথাও কারও বলা উচিত নয়। এই ঘটনার তদন্ত হওয়া উচিত কোনো উৎসব হওয়া উচিৎ নয়।” তৃণমূল প্রার্থী মদন মিত্রের প্রচারে এসে এমনই বললেন সাংসদ দেব।
কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের সমর্থনে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার করলেন অভিনেতা সাংসদ দেব। কামারহাটি পৌরসভা ৩০ নম্বর ওয়ার্ডের নন্দননগর থেকে শুরু করে পাঁচটি ওয়ার্ড ঘুরে শোভাযাত্রা শেষ হয় বেলঘড়িয়া যতীনদাস নগরের বৈশাখী মাঠে। অভিনেতাকে চাক্ষুষ করতে রাস্তার দু’ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন দেবের প্রচুর অনুগামী।
মিছিলে পথ চলতে চলতেই অভিনেতা দেব সাংবাদিকদের বলেন মদন মিত্রের যে জনপ্রিয়তা রয়েছে তাতে তিনি এমনিতেই জিতবেন। মদন মিত্রের মত নেতাই সারা ভারতবর্ষে দরকার যে ২৪ ঘন্টাই মানুষের সেবা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকেন।
শীতলকুচির ঘটনা সম্পর্কে তিনি বলেন, শীতলকুচি ঘটনা নিয়ে যারা রাজনীতি করছে তারা অন্যায় করছেন। নিরীহ মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নেতাদের আর যে নেতা সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারে না তারা কখনো নেতা হয় না। সে ক্ষেত্রে নেতা হিসেবে দায়ী আমিও।
দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করে অভিনেতা দেব বলেন, যেসব নেতারা মাস্ক ছাড়া ভোট চাইতে যাচ্ছেন তাদের ভোট দেবেন না। জনসমাগম হচ্ছে এমন জায়গায় সকলকে মাস্ক পড়ার আবেদন জানিয়েছেন অভিনেতা দেব। তিনি নিজে একথা বলেও রোড’শো চলার সময় তাঁর পাশে মাস্ক ছাড়াই ছিলেন, আর নিজে মাস্কটা থুতনিতে নামিয়ে রেখেছিলেন।

