সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: নকল অ্যাসিড কারখানার হদিশ মিলল উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের সুভাষ রোডে। শনিবার সকালে ওই কারখানায় আচমকাই হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁদের সঙ্গে হাবড়া থানার পুলিশও ছিল। উদ্ধার হয় ৪৫০ লিটার অ্যাসিড, ব্লিচিং পাউডার সহ অ্যাসিড তৈরির সরঞ্জাম। কারখানার বৈধ কাগজ না থাকায় পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম সোমনাথ আচার্য।

অভিযোগ, নামী সংস্থার লেবেল লাগিয়ে প্রায় ২০ বছর ধরে অ্যাসিড বিক্রি করা হত। এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গোপন সূত্রে ওই কারখানার হদিশ পান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তার পরই শনিবার অভিযান চালান তাঁরা। কারখানা থেকে প্রচুর অ্যাসিডের জার, নামী সংস্থার লেবেল, ফিল্টার করার যন্ত্র ও অ্যাসিড তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। সেগুলো সব বাজেয়াপ্ত করেছে পুলিশ। কারখানা থেকে এক জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আরও তদন্ত করে দেখছেন অভিযুক্ত সোমনাথ আচার্য আরও কোনও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কি না।


